গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল আইনে ১১ জনের বিরুদ্ধে মামলা

৬ মে, ২০২০ ১৭:২৭  
ডিজিটাল মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তথ্যপ্রযুক্তিবিদ, ব্লগার, প্রবাসী সাংবাদিক, কার্টুনিস্টসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় মামলা করেছে র‌্যাব-৩। এ মামলায় ইতোমধ্যেই, তথ্যপ্রযুক্তিবিদ ও রাষ্ট্রচিন্তার সদস্য মো. দিদারুল ইসলাম ভূঁইয়া, কার্টুনিস্ট আহম্মেদ কবির কিশোর এবং ব্যবসায়ী ও লেখক মোস্তাক আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীরা হলেন- প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল ও সাহেদ আলম, মিনহাজ মান্নান, সায়ের জুলকারনাইন, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ ও ব্লগার আসিফ মহিউদ্দীন। বুধবার (৬ মে) তাদের ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়েরের কথা জানিয়েছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, র‌্যাব-৩ পর্যালোচনা করে দেখেছেন আই এম বাংলাদেশী (ইংরেজি হরফে লেখা) পেজের অ্যাডমিন সায়ের জুলকারনাইন, আমি কিশোর, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ ও মোস্তাক আহম্মেদ নামে পাঁচজন দীর্ঘদিন ধরে ওই ফেসবুক পেজটি পরিচালনা করে আসছেন। এই ফেসবুক পেজ থেকে জাতির জনক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মহামারি সম্পর্কে গুজব, রাষ্ট্র/সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিপ্রায়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। অপপ্রচার বা মিথ্যা জেনেও তারা গুজবসহ বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছিলেন। এতে জনগণের মধ্যে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেছে র‌্যাব। এজাহারে র‌্যাব বিভিন্ন পোস্টের লিঙ্ক দিয়েছে।